ইসরায়েলকে ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা সহায়তা দেওয়ার ঘোষণার জেরে ইউক্রেনকে সরাসরি শত্রু হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই সহায়তার মাধ্যমে ইউক্রেন কার্যত ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে সহায়তার কারণে এখন পুরো ইউক্রেনই ইরানের জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ মন্তব্যের মাধ্যমে তেহরান ইউক্রেনের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রকাশ করেছে।
তবে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার বিষয়টি স্বীকার করেনি। যদিও দেশটি কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় অন্তত ১১টি দেশ কিয়েভের কাছে কারিগরি ও নিরাপত্তা সহায়তা চেয়েছে। এরই মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো রক্ষায় ইন্টারসেপ্টর ড্রোন ও বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে ইউক্রেন।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরান দীর্ঘদিন ধরে মস্কোকে শাহেদ ড্রোন সরবরাহ করে আসছে। এখন ইউক্রেন যদি মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিপক্ষদের ড্রোন প্রতিরক্ষা সহায়তা দেয়, তাহলে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে।
আর/

