নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সাম্প্রতিক ঘোষণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনটির নেতারা বলেছেন, এমন সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে যখন দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এই সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে।
মঙ্গলবার (৩ জুন ২০২৬) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ বর্তমানে চরম অর্থনৈতিক চাপের মধ্যে জীবনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতি এবং সীমিত আয়ের কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি তাদের আর্থিক সংকটকে আরও গভীর করবে।
তারা বলেন, বিদ্যুৎ আধুনিক জীবনের কোনো বিলাসদ্রব্য নয়; এটি একটি অপরিহার্য সেবা। গৃহস্থালি ব্যবহার, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা খাতসহ প্রায় সব ক্ষেত্রেই বিদ্যুতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব বাজারে ছড়িয়ে পড়বে এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদেরই অতিরিক্ত ব্যয় বহন করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ওপর নতুন আর্থিক বোঝা চাপানোর পরিবর্তে বিদ্যুৎ খাতে বিদ্যমান দুর্নীতি, অপচয় এবং অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেই বিদ্যুৎ খাতকে আরও কার্যকর ও টেকসইভাবে পরিচালনা করা সম্ভব।
বিবৃতিতে তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানান। পাশাপাশি জনগণের কল্যাণ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে—এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরত থাকা উচিত।ছবির ক্যাপশন:
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

