বর্ডার কিলিং নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের

সীমান্ত হত্যাকাণ্ড বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সার্বভৌমত্ববিরোধী’ আখ্যা; বক্তব্য প্রত্যাহার না করলে রাজপথে প্রতিবাদের হুঁশিয়ারি

by Master Fatih
বর্ডার কিলিং

নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ

বর্ডার কিলিং বা সীমান্ত হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনটি ওই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, আপত্তিকর এবং দেশের সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (৩ জুন) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে ঘটে আসা সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ও বেদনাদায়ক বিষয়। বছরের পর বছর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন অজুহাতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে আসছে। এসব ঘটনার পর প্রায়ই চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ সামনে আনা হলেও তা কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না।

তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সীমান্ত হত্যার সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করেছেন এবং প্রকারান্তরে বিএসএফের অবস্থানকে সমর্থন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রের একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য অত্যন্ত হতাশাজনক এবং তা দেশের জনগণের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।

নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি অপরাধ বা চোরাচালানের সঙ্গে জড়িত থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে আটক করে আইনের আওতায় আনা উচিত। সীমান্তে কাউকে দেখামাত্র গুলি করে হত্যা করার অধিকার কোনো বাহিনীর নেই। তাই এ ধরনের হত্যাকাণ্ডকে ‘বর্ডার কিলিং’ হিসেবে গণ্য না করার বক্তব্য মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।

তারা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরদিনই সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা দেশবাসীকে আরও উদ্বিগ্ন করেছে। সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় সীমান্ত হত্যাকাণ্ড এবং এসব ঘটনার পক্ষে যেকোনো ধরনের অবস্থানের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ।

banner

এ জাতীয় আরো সংবাদ