আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দেশে আগাম নির্বাচনের দাবিতে রাজধানী তেল আবিবে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। শনিবার (৩০ মে) রাতে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের প্রতিবাদ কর্মসূচিগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় এবং তুলনামূলকভাবে বেশি সংগঠিত। নেতানিয়াহুর ডানপন্থি নীতির বিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা তেল আবিবের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে মিছিল করেন। শহরের ব্যস্ততম কাপলান স্ট্রিট অতিক্রম করে তারা থিয়েটার স্কয়ারে সমবেত হন। সেখানে নেতানিয়াহু সরকারের নীতি ও সামরিক কৌশলের সমালোচনা করে দ্রুত নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে আন্দোলনকারীরা আয়ালন মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয় বলে জানা গেছে।
এদিকে দেশের উত্তরাঞ্চলে নতুন করে সতর্কতা জারি করেছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে লেবানন সীমান্তবর্তী এলাকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
গত কয়েক ঘণ্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা ও সীমান্ত অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, একদিকে তেল আবিবে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ, অন্যদিকে সীমান্তে চলমান সংঘাত—সব মিলিয়ে নেতানিয়াহু প্রশাসন বর্তমানে বহুমুখী রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।
সূত্র: হারেৎজ
আর/

