আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ৫৩০ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে আফগানিস্তান সরকার।
বুধবার (১৫ এপ্রিল) দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, মিসরে অবস্থানরত আফগান সরকারের একটি প্রতিনিধি দল এই ত্রাণ সংগ্রহ ও প্রস্তুত করেছে এবং রাফাহ সীমান্ত দিয়ে তা গাজায় প্রবেশ করানো হয়েছে।
আফগানিস্তান পাঠানো এই ত্রাণের মধ্যে রয়ে ছে খাদ্যসামগ্রী, পোশাক ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রায় ৫ লাখ মার্কিন ডলার মূল্যের এই সহায়তা গাজার প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে কাবুল জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতেই এই সংকটের সমাধান হওয়া উচিত।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৩৩৬ জন নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার ২১৩ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি অনুযায়ী, গত অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ ও অভিযান চালিয়ে বারবার চুক্তি লঙ্ঘন করছে। এই সময়ে শত শত মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আহ্বান সত্ত্বেও গাজায় খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় সহায়তা প্রবেশে এখনো বাধা অব্যাহত রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আর/

