আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষে প্রকাশিত নতুন তালিকায় প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১২ শতাংশ।
৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল, যিনি গত পাঁচ দশক ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন, এবার তালিকায় নিজের নাম খুঁজে পাননি। তার ক্ষেত্রে নামের বানান ও পরিচয়গত অসঙ্গতিকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
নির্বাচন কমিশনের দাবি, মৃত, অনুপস্থিত ও ডুপ্লিকেট ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে। তবে বিরোধী দল ও বিভিন্ন সংগঠন অভিযোগ করছে, এতে বড় ধরনের অনিয়ম হয়েছে এবং নির্দিষ্ট জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, মুসলিম জনসংখ্যা বেশি এমন জেলাগুলোতে নাম বাদ পড়ার হার তুলনামূলকভাবে বেশি। মুর্শিদাবাদে প্রায় ৪ লাখ ৬০ হাজার, উত্তর ২৪ পরগনায় ৩ লাখ ৩০ হাজার এবং মালদায় ২ লাখ ৪০ হাজার নাম বাদ পড়েছে বলে জানা গেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন, এই প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে বিজেপির দাবি, এটি অবৈধ ও অনিয়মিত ভোটার বাদ দেওয়ার স্বাভাবিক প্রশাসনিক উদ্যোগ।
বিশেষজ্ঞদের মতে, নারী ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নামের বানান ভুল, বিয়ের পর পরিচয় পরিবর্তন বা কাগজপত্রের অসঙ্গতির কারণে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সব প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
আর/

