অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় ছাত্রদল নেতাদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) থানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ থানায় যান।
এ সময় কর্তব্যরত এক উপ-পরিদর্শক (এসআই) তাকে ঘটনাটির সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি আরও ঘোলাটে হলে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল থানায় প্রবেশ করেন।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য মোবাইলে ভিডিও ধারণ করছিলেন বলে জানা যায়। অভিযোগ অনুযায়ী, তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এ ঘটনায় থানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়।
এদিকে ছাত্রদল নেতাদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তোলা হয়েছে। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব দাবি করেন, একটি মোটরসাইকেল সংক্রান্ত ঘটনায় টাকা চাওয়ার অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে হট্টগোল হয়, তবে মারামারি হয়নি।
তিনি আরও বলেন, ভিডিও ধারণের কারণে পুলিশের মোবাইল ভাঙার ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে পুলিশও অনিয়ম করেছে বলে অভিযোগ করেন।
শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল বলেন, বিষয়টি সংগঠনের অনুমতি ছাড়া ঘটেছে এবং তদন্তে দোষ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেল সংক্রান্ত ঘটনায় একদল লোক থানায় এসে পুলিশের ওপর চড়াও হয় এবং এক কনস্টেবলের মোবাইল ভেঙে ফেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আর/

