নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
গাজীপুরের কাপাসিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে আমলবিহীন ইলম মানুষের জন্য ধ্বংস ডেকে আনে বলে সতর্ক করেছেন বিশিষ্ট আলেম মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের নিয়ত পরিশুদ্ধ রাখা এবং ইলম অনুযায়ী আমল করার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাদ মাগরিব বরুন রোডস্থ আল আযহার ইসলামিয়া মডেল মাদরাসায় নবীন বরণ ও নসীহা শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মো. সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতী শামসুল হক শামীম আযহারী।
মুফতী রেজাউল হক বলেন, শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং নিয়তকে খাঁটি রাখতে হবে। ইলম অর্জনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাঁর বিধান জানা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা।
তিনি হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেন, কিয়ামতের দিন এমন আলেমদের বিচার হবে যারা দুনিয়ায় খ্যাতির জন্য ইলম অর্জন করেছিলেন। এ ধরনের ইলম মানুষকে উপকারের পরিবর্তে ক্ষতির দিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ইলম আল্লাহর বড় নেয়ামত হলেও তা অনুযায়ী আমল না করলে তা ফলহীন হয়ে পড়ে। আমলবিহীন আলেমকে তিনি ফলহীন বৃক্ষের সঙ্গে তুলনা করেন।
দ্বীনি শিক্ষায় পরিশ্রম ও ত্যাগের গুরুত্ব তুলে ধরে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর উদাহরণ দেন এবং শিক্ষার্থীদের উস্তাদ, মাদরাসা ও কিতাবের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

