আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
দক্ষিণ লেবাননের স্রিফা গ্রামে বাবার দাফনে অংশ নিতে গিয়ে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে প্রায় দেড় বছর বয়সী এক শিশুকন্যা। হামলায় একই পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন।
নিহত শিশুটির নাম তালিন সাঈদ। তার দাদা নাসের সাঈদ জানান, পরিবারের সদস্যরা তার ছেলের জানাজা ও দাফনে অংশ নিতে জড়ো হয়েছিলেন। প্রার্থনার সময় হঠাৎ বিমান হামলা শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এতে শিশুটির পাশাপাশি পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারান।
হামলায় আহত সাত বছর বয়সী আলিন সাঈদ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটে, যখন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সম্ভাবনায় লেবাননেও সহিংসতা কমবে বলে আশা করা হচ্ছিল। তবে ওই সময়েও দেশজুড়ে হামলায় ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লেবাননে চলমান সংঘাত গত ২ মার্চ শুরু হয়, যখন হিজবুল্লাহ ইসরাইলি অবস্থানে হামলা চালায়। এরপর থেকে ইসরাইল ব্যাপক বিমান ও স্থল অভিযান পরিচালনা করছে। এতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।
আর/

