হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: মার্কিন অভিযান চলাকালে কড়া হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের

মার্কিন মাইন অপসারণ অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অঞ্চল ছাড়ার বার্তা ইরানের; দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত

by Master Fatih
হরমুজ প্রণালী

আন্তর্জাতিক ডেস্ক । হুদহুদ নিউজ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনীর মাইন অপসারণ অভিযানের মধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

বিজ্ঞাপন
banner

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের কোনো সাফল্য ছাড়াই এই অঞ্চল ছেড়ে যেতে হবে। তিনি দাবি করেন, প্রতিরোধের সমন্বিত ফ্রন্ট ইতোমধ্যেই এই অঞ্চলে শক্তিশালী ও কার্যকর উপস্থিতি গড়ে তুলেছে।

ইসমাইল কানি আরও উল্লেখ করেন, ইয়েমেন, বাব-এল-মানদেব ও লোহিত সাগরের অভিজ্ঞতা স্মরণ রাখা উচিত। তার ভাষায়, সেসব স্থান থেকেও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শেষ পর্যন্ত কোনো অর্জন ছাড়াই সরে যেতে বাধ্য হয়েছিল।

এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী সচল রাখতে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে সীমিত নৌ অবরোধ কার্যকর করা হচ্ছে। তবে আন্তর্জাতিক অন্যান্য জাহাজের জন্য চলাচল উন্মুক্ত রাখা হবে।

অন্যদিকে, তেহরান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোহরে খারাজমি বলেছেন, হরমুজ প্রণালীর ওপর ইরান তার সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখতে বদ্ধপরিকর। তিনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কোন জাহাজ চলাচল করবে তা নির্ধারণের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।

তিনি আরও জানান, ইরান ইতোমধ্যে দেখিয়েছে যে, বন্ধু ও প্রতিপক্ষের সঙ্গে এক ধরনের আচরণ করা হয় না। পাকিস্তান, ইরাক, চীন ও ফ্রান্সের জাহাজ চলাচলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যারা ইরানের সঙ্গে সমঝোতায় আসে, তারা বেশি সুবিধা পায়।

হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধের পরিণতি নিয়েও সতর্ক করেন খারাজমি। তার মতে, এই জলপথ বন্ধ হয়ে গেলে সার, হিলিয়ামসহ বহু গুরুত্বপূর্ণ শিল্প উপকরণের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, যা বৈশ্বিক শিল্প খাতকে বড় ধরনের সংকটে ফেলতে পারে।

তিনি আরও বলেন, ইরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ