রংপুরের পীরগঞ্জে একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি সিলমারা ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যালটগুলোর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোটের ছিল। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এসব ব্যালট ও সিল উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীরা দুটি সিলসহ ছয়টি ব্যালট পেপার দেখতে পায়। পরে তারা সেগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দেয়। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনওকে অবহিত করেন।
খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন। ঝাড়ু হাতে নারীরাও বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে ইউএনওকে অবরুদ্ধ করে রাখা হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকাবাসীর বিক্ষোভ চলছিল বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনর্গণনার দাবিতে গত তিন দিন ধরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করছেন।
আর/

