জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য: কুষ্টিয়ায় শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা; ক্লাস চলাকালে বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য ঘিরে অসন্তোষ, তদন্তে পুলিশ

by ABDUR RAHMAN
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অসৌজন্যমূলক মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম কিবরিয়া প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণিতে বাংলা বিষয় পড়াচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। পাঠদানকালে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের বিষয়টি উঠে আসে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন এবং তার নাম উল্লেখ করে আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ ওঠে। এতে শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও অসন্তোষ তৈরি হয়।

ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি পরিবারকে জানালে তা স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। এর জেরে বুধবার সকালে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, ঘটনাটি জানতে পেরে বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে শিক্ষক লালন কটূক্তির বিষয়টি অস্বীকার করলেও তিনি জানান—প্রধানমন্ত্রীর দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে বলে তিনি ক্লাসে মন্তব্য করেছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এবং বিদ্যালয়ের পরিবেশ অস্থির করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

banner

এ জাতীয় আরো সংবাদ