খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা মুফতি ইমামুদ্দিন কাসেমীর সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা হাফেজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা আবুল খায়ের রামগড়, মাওলানা হাফেজ ইউসুফ, মাওলানা রেজাউল করিম মিছবাহ, সাধারণ সম্পাদক মুফতি নোমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক, মাওলানা কাউসার আজিজী, কারী নাসির উদ্দিন, মাওলানা সাব্বির মাহমুদ রশিদী ও মাওলানা মুফতি শফিউল্লাহ হাবিবী প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে আকিদায়ে খতমে নবুওয়াতের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল। আহমদীয়া মুসলিম জামাত বা কাদিয়ানী সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে ইসলামের প্রচলিত আকিদার মৌলিক বিরোধ রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, খতমে নবুওয়াতের আকিদা সংরক্ষণ এবং ঈমান-আকিদা সম্পর্কে সচেতনতা তৈরিতে আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম শুরু ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মুফতি ইমামুদ্দিন কাসেমীকে সভাপতি, ক্বারী ওসমান গনিকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি মুহাম্মদ নোমানকে সাধারণ সম্পাদক এবং হাফেজ ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
