মামুনুল হককে নিয়ে প্রচারিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী

আমীরে হেফাজতের ব্যক্তিগত সহকারীর ফেসবুক পোস্টে দাবি, আঞ্চলিক ভাষার একটি শব্দকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। মামুনুল হককে নিজের সন্তানের মতো প্রিয় বলেও উল্লেখ করেছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

by Master Fatih
মামুনুল হককে নিয়ে প্রচারিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

মাওলানা মামুনুল হককে নিয়ে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্যের ব্যাখ্যা সামনে এসেছে। এ বিষয়ে আমীরে হেফাজতের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বক্তব্যটির প্রেক্ষাপট তুলে ধরেন।

মাওলানা আব্দুল খালেকের পোস্টে দাবি করা হয়, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। প্রচারিত বক্তব্যটি তাঁকে শোনানো হলে তিনি স্পষ্ট করে বলেন, “আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।”

পোস্টে আরও বলা হয়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচলিত ‘কুত্তার বাচ্চা’ শব্দটি সব ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয় না। বিশেষ কিছু আঞ্চলিক প্রেক্ষাপটে এটি কথার বুলি কিংবা স্নেহ প্রকাশের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এমনকি সন্তানকে আদর করেও এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে বলে উল্লেখ করা হয়।

মাওলানা আব্দুল খালেকের বক্তব্য অনুযায়ী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে গালির ভাষা ব্যবহার করেননি। এমনকি তাঁর নাম উল্লেখ করেও কথাটি বলেননি।

পোস্টে ইঙ্গিত করা হয়, আঞ্চলিক ভাষার একটি শব্দকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত আক্রমণ বা অপমান হিসেবে প্রচার করা অনুচিত। বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা না করে এ ধরনের প্রচার বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এ অবস্থায় বিষয়টি নিয়ে মনগড়া ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টি মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছে।

মাওলানা আব্দুল খালেকের ব্যক্তিগত ফেসবুক পোস্ট (মূল পোস্টের লিংক)

banner

এ জাতীয় আরো সংবাদ