জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অটল রয়েছে মালয়েশিয়া সরকার

ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। তিনি বলেছেন, এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার দেওয়া হয়নি।

by ABDUR RAHMAN
জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অটল মালয়েশিয়া সরকার

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

বিতর্কিত ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার দীর্ঘদিনের সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে কুয়ালালামপুরের তরফ থেকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে এ তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, ২০১০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে নতুন করে কোনো আবেদন বা অনুরোধ ভারতের পক্ষ থেকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল। পরবর্তীতে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে নয়াদিল্লি বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পর থেকেই মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে দেশটির আইনি ও কূটনৈতিক অবস্থান পরিষ্কার করার দাবি জোরালো হয়।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েকের প্রত্যর্পণ চাওয়া হলেও মালয়েশিয়া সরকারের সর্বশেষ এই বক্তব্যে সব জল্পনা ও কূটনৈতিক আলোচনার ধোঁয়াশা অনেকটাই পরিষ্কার হলো। বর্তমানে তিনি মালয়েশিয়াতেই অবস্থান করছেন।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস ও দ্য সান মালয়েশিয়া

banner

এ জাতীয় আরো সংবাদ