সরকারের ব্যর্থতায় শ্রমিক আন্দোলন ও গ্যাস সংকটের তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

পাবনায় এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনা না থাকার কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

by ABDUR RAHMAN
সরকারের ব্যর্থতায় শ্রমিক আন্দোলন ও গ্যাস সংকটের তৈরি হয়েছে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

শ্রমিকদের চলমান আন্দোলনকে সম্পূর্ণ যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের যথাযথ পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের অভাবেই মূলত বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে সরকার তার দায় এড়াতে পারে না। জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যদি এই আন্দোলনে ফ্যাসিবাদের দোসররা ঢুকে পড়ে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়, তবে এর সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে। এটি সরকারের গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা। বর্তমান সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, অথচ যারা এ দেশের শত্রু এবং জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধানকে আজ পর্যন্ত কোনো ধরনের গোয়েন্দা তথ্য জাতির সামনে পেশ করতে দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, এই সরকার এখন পর্যন্ত প্রায় পাঁচ শ আন্দোলন মোকাবিলা করেছে। আন্দোলন তখনই থামবে বা নিয়ন্ত্রণে থাকবে, যখন সরকারের ওপর জনগণের আস্থা থাকবে। কিন্তু এই সরকারের প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থা নেই। কারণ, তারা জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে এবং নির্বাচনের আগে ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

এ সময় এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, একদিনের ব্যবধানে পুনরায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে যখন দাম ১৮০০ টাকা ছিল, তখন খোলা বাজারে তা ২৫০০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের জবাব দিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ