অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে সরকার অযৌক্তিকভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, বর্তমান সরকারের মেয়াদে মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে।
গত সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কঠোর সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দফায় দফায় মূল্যবৃদ্ধি করা হলেও এর পেছনে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি সরকার। অথচ পার্শ্ববর্তী দেশগুলোতে এখনও বাংলাদেশের তুলনায় প্রায় অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।
বাজার পরিস্থিতির ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান, উদ্বেগজনক বিষয় হলো সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ চরমে তুলেছে।
সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, সরকারের অযোগ্যতার কারণে আজ গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ১৮ কোটি মানুষ। গ্যাসের এই অবৈধ ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তিনি।

