অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জনগণের কষ্টার্জিত অর্থ অপচয় করে অযোগ্য, তোষামোদকারী ও সুযোগসন্ধানীদের রাষ্ট্রীয় খরচে বিদেশ সফরের সুযোগ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারের এমন দায়িত্বহীন ও অপরিপক্ব কর্মকাণ্ডের ফলে বিশ্বদরবারে বাংলাদেশ আজ এক হাস্যকর ও লজ্জিত রাষ্ট্রে পরিণত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রীয় তহবিলের ব্যবহার নিয়ে কঠোর ক্ষোভ প্রকাশ করেন এই জামায়াত নেতা।
সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের সমালোচনা করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে তথাকথিত মিথ্যা সম্পাদক, সহকারী এবং তাদের আশপাশের তেলবাজদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ তারা নিজেরাও অবগত নন যে কী উদ্দেশ্যে তাদের বিদেশে পাঠানো হয়েছে। বিদেশে পৌঁছে তারা দম্ভভরে বলে বেড়াচ্ছেন—জীবনে প্রথম বিমানে উঠছি, জীবনে আর কী পাওয়ার আছে! এই ধরনের অপরিপক্ব মানসিকতা ও অপচয় দেশের মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সরাসরি সমালোচনা ছুড়ে দিয়ে তিনি বলেন, এ ধরনের হঠকারী ও দায়িত্বহীন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অপমানিত করা হয়েছে। অবিলম্বে রাষ্ট্রীয় অর্থের এই অপচয় এবং তোষামোদ ও দলীয়করণের সংস্কৃতি বন্ধ করার জোরালো দাবি জানান তিনি। একই সঙ্গে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের সম্মান ও ভাবমূর্তি বিশ্বমঞ্চে সমুন্নত রাখার আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা।

