হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করলেন ছাত্রদল নেতা

মোবাইল কেনাবেচার বিরোধের জেরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি রুমে চেয়ার ও কিল-ঘুষি দিয়ে মারধরের ঘটনায় সিসিটিভি ফুটেজ ভাইরাল; চিকিৎসকদের মধ্যে আতঙ্ক।

by ABDUR RAHMAN
হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মোবাইল কেনাবেচা নিয়ে পূর্ববিরোধের জেরে শাহেদ নামের এক ছাত্রদল নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়। রোববারের (২৫ অক্টোবর) এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র আলোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
banner

জানা যায়, ঘটনার পূর্বে শাহেদ ও জুয়েলের সমর্থকদের মধ্যে মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছিল। ওই সংঘাতে আহত হয়ে চিকিৎসা নিতে জুয়েল লক্ষ্মীপুর সদর হাসপাতালে আসেন। কিন্তু হামলাকারীরা পিছু নিয়ে হাসপাতালের প্রাঙ্গণে তাকে ফের মারধর শুরু করে। প্রাণ বাঁচাতে জুয়েল দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগের (ইমার্জেন্সি) ভেতরে আশ্রয় নিলেও রক্ষা পাননি। হামলাকারীরা কক্ষের ভেতরে ঢুকে তাকে চেয়ার দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে ঢাকায় পাঠানো হয়।

আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। অন্যদিকে অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, কলেজ শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ বিষয়ে অভিযুক্ত শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি জানিয়েছেন, অভিযুক্তের সুনির্দিষ্ট কোনো পদ না থাকলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের ভেতরে এমন অতর্কিত সশস্ত্র হামলার ঘটনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে এমন হামলা অত্যন্ত দুঃখজনক। সিসিটিভি ক্যামেরায় পুরো হামলার দৃশ্য স্পষ্ট রেকর্ড হয়েছে এবং বিষয়টি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ