অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
মালয়েশিয়ার কেলাংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সমাবেশে অনেকে সংগঠনটিতে যোগ দেন। একই দিন দায়িত্বশীলদের মতবিনিময় সভায় মাওলানা আব্দুস শহীদকে সভাপতি ও মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কেলাং স্টেট শাখা কমিটি গঠন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি মুফতি তাকি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারসহ স্থানীয় দায়িত্বশীলরা।
সভায় মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। নতুন কমিটির মাধ্যমে কেলাং অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দায়িত্বশীলরা।
উল্লেখ্য, আল্লামা মামুনুল হক গত ২২ অক্টোবর মালয়েশিয়া সফরে যান। সফর শেষে আগামী ২৬ অক্টোবর রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

