ভারতের আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

ভারতের আসামে বাঙালি মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। এ সময় ভারতের তীব্র সমালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও শক্ত ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।

by ABDUR RAHMAN
ভারতের আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতের আসামে বাঙালি মুসলিমদের বাসস্থান উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে বক্তারা ভারতের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ, সীমান্তে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিমদের পুশ-ইন এবং জাতিগত নিধন বন্ধ করার জোরালো দাবি জানান। একই সঙ্গে এই ইস্যুতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নতজানু নীতি পরিহার করে আরও দৃঢ় ও শক্তিশালী কূটনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, “সাম্প্রদায়িক রাষ্ট্র ভারত আমাদের অসাম্প্রদায়িকতার সবক দিতে আসে। ভারতের হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী, যাদের কাছে কোনো সংখ্যালঘুই নিরাপদ নয়, তাদের কাছ থেকে আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।”

ভারত বর্তমান সময়ে এই অঞ্চলের ‘নতুন ইসরায়েলে’ পরিণত হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, “তারা বর্ণবাদী নীতি প্রয়োগ করে ইসরায়েলি কায়দায় জাতিগত নিধন চালাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের তাবেদারি বন্ধ করে সীমান্তে পুশ-ইন ও মুসলিম নিপীড়নের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে হবে। ঢাকা পৃথিবীর সব নিপীড়িত ও নির্যাতিত জাতির কণ্ঠস্বর হয়ে উঠবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম বলেন, “উগ্র হিন্দুত্ববাদের কালো ছায়া থেকে ভারতের মুসলিম, শিখ, খ্রিস্টান ও নিম্নবর্গের দলিতদের রক্ষা করতে হবে। সংখ্যালঘু দমনে বিজেপি সরকার ইসরায়েলের কৌশল অনুসরণ করছে।”

আসামের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, “মুসলমানদের বাড়িঘর ও মসজিদ ভাঙচুরের মাধ্যমে ভারতে মুসলমানদের বাংলাদেশ সীমান্তে পুশ-ইন ও গণহত্যার নীলনকশা তৈরি করা হচ্ছে। বিজেপি সরকার মুসলিম নির্যাতন বন্ধ না করলে এর পরিণতি ভয়াবহ হবে।” এ সময় তিনি ভারতের তরুণ প্রজন্ম বা জেন-জিকে বিজেপি সরকারের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ভোট ম্যানিপুলেশনের মাধ্যমে ভিন্নমতের মানুষের ভোটাধিকার হরণ এবং জাতিগত নিপীড়ন চালানো হচ্ছে। এ ধরনের হীন কর্মকাণ্ড বন্ধ করে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম (রাইয়ান)-এর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাঈম আবেদীন। এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি, ঢাবি শাখা ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ