নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
চার দিনের সফরে আজ (২২ অক্টোবর) রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তাঁর সফরসঙ্গী হিসেবে চার সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
সফরকালে তাঁরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি ও সীরাত মাহফিলসহ নানা অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় মাওলানা মামুনুল হক মালয়েশিয়ার বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দেশটির ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন তাঁরা।
সফরসূচি অনুযায়ী, আগামী আগামীকাল (২৩ অক্টোবর) শুক্রবার তিনি মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন। চার দিনের সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

