অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো মূল্য নেই এবং বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, এই সংসদে বিরোধী দলের বক্তব্য কিংবা জনগণের কণ্ঠস্বরের বিন্দুমাত্র মূল্যায়ন করা হচ্ছে না; এটি এখন পুরোপুরি বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার একটি একচ্ছত্র সংসদে রূপ নিয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আয়োজিত এক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৩০ অক্টোবর এনসিপির বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
বর্তমান সরকারকে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকারে থাকা বিএনপি অতীতে গণঅভ্যুত্থানে সঙ্গে থাকলেও তাদের শীর্ষ নেতারা দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আপসে ছিলেন। ফলে তাদের মধ্যে পরিবর্তনের কোনো মানসিকতা বা আকাঙ্ক্ষা তৈরি হয়নি। ক্ষমতাবান হওয়ার পর থেকেই তারা জুলাই সনদকে অবজ্ঞা ও গণভোটকে সরাসরি অস্বীকার করেছে, যা মূলত গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে একধরনের প্রকাশ্য প্রতারণা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘তারেক রহমান এবং শেখ হাসিনার মধ্যে আর কোনো পার্থক্য নেই। তারেক রহমানও শেখ হাসিনার মতো অবৈধভাবে এখন ক্ষমতায় রয়েছেন। জনগণের ভোটাধিকার এবং গণভোটের অধিকার হরণ করে তারা রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করেছেন এবং দেশকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছেন।’ এ কারণে বর্তমান প্রশাসনকে ‘জুলাই গাদ্দার সরকার’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
জ্বালানি তেল ও নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারি হিসাবে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৮০০ টাকা বলা হলেও খুচরা বাজারে তা আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও পরিস্থিতি এর চেয়ে ভালো ছিল উল্লেখ করে তিনি বলেন, সে সময় নানা সংকট সত্ত্বেও ছাত্র-জনতা মাঠে ছিল এবং দেশ এতটা অস্থিতিশীল হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা বলতে গিয়ে তিনি সম্প্রতি গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার উদাহরণ দেন। তিনি অভিযোগ করেন, সমাজের যেকোনো স্তরের নাগরিকই আজ এই রাষ্ট্রে সম্পূর্ণ নিরাপত্তাহীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাদকের সিন্ডিকেট এবং পরিবহন খাতে চাঁদাবাজির সঙ্গে দলীয় লোকজনের সম্পৃক্ততার তীব্র সমালোচনা করেন তিনি।
জনগণকে আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে মানুষ আন্দোলন করলেও সেই গণঅভ্যুত্থান আজ বেহাত হয়ে গেছে। জনগণের অধিকার আদায় এবং জুলাইয়ের প্রকৃত আকাঙ্ক্ষা ফিরিয়ে আনতে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

