অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ঘিরে সরকারের ভূমিকা এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের কারণে দেশের পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনতে বিএনপি সরকার ভারতের সঙ্গে সমঝোতা ও আঁতাতের পথে এগোচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের রাজনৈতিক তৎপরতা দেশের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
এনসিপির আহ্বায়ক বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের পাশাপাশি সরকারি অর্থ ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ভাবমূর্তি প্রচারে ব্যস্ত রয়েছে বিএনপি।
সিটি করপোরেশনের প্রশাসকদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাহিদের দাবি, বিভিন্ন সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা সরকারি অর্থ ব্যয় করে নিজেদের প্রচারণা চালাচ্ছেন। সরকারি সম্পদের এমন ব্যবহার গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়। বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় বা অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আপত্তি জানান।
তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও মতামতকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার না করে জনস্বার্থে পরিচালনা করা প্রয়োজন।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। তাঁর বক্তব্য, দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মতো সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, জনগণের রায়কে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে—এমন প্রত্যাশা করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
আখতার হোসেনের অভিযোগ, দেশজুড়ে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়ে এনসিপির নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
আর/

