আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে ওবামা বলেন, বর্তমান প্রশাসন একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো একটি ‘অপ্রয়োজনীয়’ যুদ্ধ শুরু করা, যার জন্য সাধারণ মানুষ বা আন্তর্জাতিক মহল কখনো কোনো দাবি জানায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। বিশ্বের অন্যতম এই প্রধান জ্বালানি তেল পরিবহনের নৌপথ অবরুদ্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
ওবামার এই কড়া বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওবামাকে ‘চরম অযোগ্য’ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ২০১৫ সালে সম্পাদিত বিতর্কিত পারমাণবিক চুক্তির মাধ্যমে ওবামা প্রশাসন ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করেছিল এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ প্রশস্ত করে দিয়েছিল।
উল্লেখ্য, ওবামার আমলে হওয়া ওই পারমাণবিক চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ট্রাম্প শুরু থেকেই এই চুক্তির ঘোর বিরোধী ছিলেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে দুই নেতার এই পাল্টাপাল্টি বক্তব্য মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান সংঘাতের গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।
সূত্র: আল জাজিরা

