আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
বিশ্বজুড়ে অনেক হাফেজ কোরআন মুখস্থ করতে দীর্ঘ সময় নিলেও তাদের মধ্যে কিছু ব্যতিক্রমী প্রতিভা অনন্য নজির স্থাপন করেন। এমনই একজন ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের ১৪ বছর বয়সী কিশোর মুহান্নাদ আল-হুসনি। সে মাত্র ২৬ দিনেই অনাবাসিক পদ্ধতিতে পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ হেফজ করার বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে জাবালিয়া শিবিরের ‘আল-আওদাহ ইলাল্লাহ’ মসজিদে ‘আন-নুখবা’ নামে একটি গ্রীষ্মকালীন বিশেষ হেফজ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দারুল কোরআন ওয়াস সুন্নাহ অ্যাসোসিয়েশন পরিচালিত এ কার্যক্রমে এলাকার ১৫০ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্য থেকে পড়াশোনার মান ও উত্তম চরিত্রের ভিত্তিতে মাত্র ১৫ জনকে বাছাই করা হয়।
প্রতিদিন ফজরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলে এই নিবিড় হেফজ কার্যক্রম। এই সময়ে মুহান্নাদ প্রতিদিন এক পারার বেশি অর্থাৎ প্রায় ২৫ পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করত। মাত্র ২৬ দিনের মাথায় সে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুহান্নাদ জানায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কোরআনের সুমহান নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার উদ্দেশ্যেই সে পবিত্র কোরআন মুখস্থ করেছে। পুরো সময়টি তার জন্য অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও আনন্দের ছিল।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গাজাজুড়ে দারুল কোরআন ওয়াস সুন্নাহ অ্যাসোসিয়েশনের ৭৭৬টি হেফজকেন্দ্রে বর্তমানে ২২ হাজারের বেশি শিক্ষার্থী কোরআন শিক্ষা লাভ করছে। নতুন হাফেজদের মুখস্থ বিদ্যা পাকাপোক্ত করতে ‘হুফফাজ ফোরাম’ নামের একটি বিশেষ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়, যেখানে বর্তমানে ১ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী নিয়মিত অংশ নিচ্ছে। তবে দীর্ঘদিনের অবরোধ ও নানামুখী সংকটের কারণে গাজার এসব কোরআন শিক্ষা কেন্দ্রগুলো অর্থায়ন ও শিক্ষকদের সম্মানী প্রদানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও স্থানীয় উদ্যোগ ও অনুদানের ওপর ভর করে এগিয়ে চলেছে কোরআন শিক্ষার এই আলো।
সূত্র: আল-জাজিরা

