আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে তদন্তের আবেদন করা হয়েছে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির সদর দপ্তরে মার্কিন করদাতা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীদের সমন্বয়ে গঠিত ‘ট্যাক্সপেয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট জেনোসাইড’ (টিএএজি) নামের একটি সংগঠনের উদ্যোগে এই আবেদন জমা দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ প্রায় এক বছর ধরে নিখুঁতভাবে তথ্যপ্রমাণ সংগ্রহ ও যাচাই-বাছাই করা হয়েছে। আইসিসির রোম সংবিধানের ১৫ অনুচ্ছেদের আওতায় জমাকৃত এই আবেদনের সাথে গাজায় সরাসরি চিকিৎসাসেবা প্রদানকারী ট্রমা সার্জন ফিরোজ সিধওয়া এবং গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সাবেক ঠিকাদার ডেভিড ম্যাকইনটোশসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাক্ষ্য, ভিডিও প্রমাণ, তথ্য ফাঁসকারীদের বক্তব্য এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক, আর্থিক ও কূটনৈতিক সহায়তার বিশদ দলিলপত্র যুক্ত করা হয়েছে। টিএএজির দাবি, মার্কিন এই সামরিক ও রাজনৈতিক সহযোগিতা ছাড়া ইসরাইলের পক্ষে গাজায় এই মাত্রার নৃশংসতা চালানো অসম্ভব ছিল।
সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা শেঠ ডনেলি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ট্রাম্প ও রুবিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড এই আবেদনে সম্পূর্ণরূপে পূরণ করা হয়েছে। মার্কিন বিচারব্যবস্থার মাধ্যমে দেশটির শীর্ষ কর্মকর্তাদের এ ধরনের অপরাধে অংশগ্রহণ ঠেকানো ব্যর্থ হওয়ার কারণেই তারা আন্তর্জাতিক আদালতের দারস্থ হয়েছেন।
এদিকে, গত তিন বছরেরও বেশি সময় ধরে চলা অবিরত ইসরাইলি হামলায় গাজায় ৭৪ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যদিও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও সাময়িকীর মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজ ব্যক্তিদের হিসাব যুক্ত করা হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি পরিসংখ্যানকে বহুলাংশে ছাড়িয়ে যাবে।

