আন্তর্জাতিক ডেস্ক । হুদহুদ নিউজ
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কিছু গোপন গোয়েন্দা তথ্য তুলে ধরেন। এসব তথ্যের ভিত্তিতে ইরানে পুনরায় সামরিক হামলা চালানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার চেষ্টা করেন তিনি।
তবে বৈঠকে একটি বিষয় নিয়ে বিস্ময় তৈরি হয়েছে। ইরান ইস্যুতে আলোচনা করতে মোসাদ প্রধান রোমান গোফমান ওয়াশিংটন সফরে গেছেন—এ বিষয়ে আইজেনকোট অবগত ছিলেন না। বিষয়টি তাঁকে ইচ্ছাকৃতভাবে জানানো হয়নি কি না, তা স্পষ্ট নয়।
এর আগে নতুন সরকার গঠনের আগে নেতানিয়াহুকে অপ্রয়োজনীয় কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করেছিলেন আইজেনকোট। ফলে সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে ইসরাইলের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইরানে সম্ভাব্য হামলার সময় নির্ধারণ নিয়েও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মতপার্থক্য রয়েছে।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, দেশটির সেনাপ্রধান ইয়াল জামির ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে থাকলেও এখনই হামলার উপযুক্ত সময় বলে মনে করছেন না। তাঁর অবস্থান হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা এবং পরিস্থিতি পর্যালোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
ইসরাইলি নিরাপত্তা সূত্রের দাবি, এই মুহূর্তে ইরানের দিক থেকে এমন কোনো বড় হুমকি নেই, যার কারণে জরুরি ভিত্তিতে সামরিক অভিযান চালাতে হবে। বরং তড়িঘড়ি হামলা দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্রগুলো আরও জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নেই। এর আগে সেনাপ্রধান ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশিত হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় তা অস্বীকার করেছিল।
এদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসরাইল।
এর অংশ হিসেবে মোসাদ প্রধান রোমান গোফমান ওয়াশিংটনে গিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
চ্যানেল ১৩-এর তথ্য অনুযায়ী, গোফমান মার্কিন কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করছেন যে ইরান পরমাণু চুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিসংক্রান্ত শর্ত লঙ্ঘন করছে। তবে এ সফর ও বৈঠক নিয়ে মার্কিন কিংবা ইসরাইলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপনে কোনো সমঝোতা হয়ে যাওয়ার আশঙ্কা ইসরাইলের উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে কার্যকর সমাধান ছাড়াই তেহরানের ওপর থেকে মার্কিন চাপ কমিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে ইসরাইলের মধ্যে শঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে নেতানিয়াহু দ্রুত সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রভাবিত করতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে ইসরাইলে সরকার পরিবর্তনের সংবেদনশীল সময়ে নতুন করে সামরিক অভিযান শুরু হলে তা ক্ষমতা হস্তান্তর ও নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। এ নিয়ে দেশটির বিরোধী রাজনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
