বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ সফল করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় তাগলীবে দ্বীন মারকাজে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১১ ডিসেম্বর শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীবের পরিচালনায় সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান এবং মজলিসে খাসের সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।
মতবিনিময় সভায় ঢাকা বিভাগের বিভিন্ন শাখার সম্মেলন প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয় সম্মেলন সফল করতে দাওয়াতি কার্যক্রম ও প্রচার-প্রচারণা জোরদার, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সর্বস্তরের জনশক্তির অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে বিভাগীয় ও শাখা পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
