তোষণকারীদের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি: ভারতীয় আধিপত্যবাদ নিয়ে জাগপার কঠোর বার্তা

ক্ষমতার মসনদে বসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার মতোই পরিণতি হবে বলে যুব জাগপার শহীদ আবরার ফাহাদ দিবসের আলোচনা সভায় হুঁশিয়ারি

by ABDUR RAHMAN
তোষণকারীদের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ছাত্র-জনতার বুক খালি করা রক্তক্ষয়ী সংগ্রামের মূল উদ্দেশ্য কোনো ‘নতুন আওয়ামী লীগ’ কিংবা ভিনদেশের নব্য তোষণকারী শাসন প্রতিষ্ঠা করা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ক্ষমতার চেয়ারে বসে দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন বা নতুন করে ফ্যাসিবাদের পথ বেছে নিলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজ্ঞাপন
banner

বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘শহীদ আবরার ফাহাদ দিবস’ উপলক্ষে যুব জাগপা আয়োজিত “রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগ্রাম ও ঐতিহ্যের কথা স্মরণ করে জাগপা মুখপাত্র বলেন, ২০১৯ সালের এই দিনে দেশের ন্যায্য হিস্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধেই বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সেদিন তারা ভেবেছিল একটি কণ্ঠ স্তব্ধ করলেই পুরো দেশকে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু তাদের সেই হিসাব ভুল প্রমাণ করে আবরারের আত্মত্যাগ থেকে হাজারো আবরারের জন্ম হয়েছে, যাদের প্রতিবাদের আগুনেই শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়েছে।

বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা ও তার মূল বাহিনী পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া দোসর ও চক্রটি এখনো গোপন ষড়যন্ত্রে লিপ্ত। যারা নতুন রাজনৈতিক পটভূমিতে ক্ষমতার সুযোগ নিয়ে পুরোনো ব্যবস্থাকে বহাল রাখতে চায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভয় পেয়ে দিল্লির সমর্থন পেতে দৌড়ঝাঁপ করে, দেশের মুক্তিকামী মানুষ তাদের চিনে ফেলেছে। আধিপত্যবাদের গোলামি করলে জনতার আদালতে এদের বিচারও বিদায়ী ফ্যাসিবাদের মতোই হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, সহসভাপতি নাজমুল হাসান এবং যুব জাগপার কেন্দ্রীয় ও মহানগরী নেতাবৃন্দ।

সভায় বক্তারা দেশীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ