‘চূড়ান্ত আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

ইরানের দাবি, তাদের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটন ও তেল আবিবের ধারণা এখনো অসম্পূর্ণ

by ABDUR RAHMAN

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো দেশটির প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। দেশটির খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তরের এক মুখপাত্র এ দাবি করে বলেছেন, শত্রুপক্ষের ‘চূড়ান্ত আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, ইরানের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথ্য অসম্পূর্ণ। তাদের বিস্তৃত ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের কোনো পরিষ্কার ধারণা নেই বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নির্ভুল লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ধ্বংস করা হয়েছে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। তার দাবি, শত্রুপক্ষ কেবল ততটুকুই ধ্বংস করতে পেরেছে, যতটুকু ইরান দেখাতে চেয়েছে।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ইরানের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে পরিচালিত হয়, যেগুলোর অবস্থান সম্পর্কে শত্রুপক্ষের কোনো ধারণা নেই এবং তারা কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। ইতোমধ্যে যেসব স্থাপনায় হামলা হয়েছে, সেগুলোকে তিনি ‘তুচ্ছ’ বা ‘ডামি’ স্থাপনা বলেও উল্লেখ করেন।

তিনি সতর্ক করে বলেন, আগ্রাসন অব্যাহত থাকলে এবং আত্মসমর্পণে বিলম্ব হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্থাপনাগুলোতে আরও কঠোর, ব্যাপক ও ধ্বংসাত্মক হামলা চালানো হবে। এতে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সক্ষমতা ভেঙে ফেলার হুঁশিয়ারিও দেন তিনি।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ