আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
‘সহিংস কনটেন্ট’ প্রচারের অভিযোগে ইরানপন্থি একটি গ্রুপের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে প্ল্যাটফর্মটি। ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এবং ‘ইরান জিতেছে’ দাবি করে লেগো-স্টাইলের এআই ভিডিও প্রকাশের পরই এ পদক্ষেপ নেওয়া হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।
‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামে গ্রুপটি গত শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘ভায়োলেন্ট কনটেন্ট’ প্রকাশের অভিযোগে ইউটিউব তাদের অ্যাকাউন্ট স্থগিত করেছে। তবে তাদের অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম এখনো চালু রয়েছে।
নিষেধাজ্ঞা নিয়ে বিস্ময় প্রকাশ করে গ্রুপটি প্রশ্ন তোলে, তাদের লেগো-ধাঁচের অ্যানিমেশন সত্যিই সহিংস কি না।
তারা দাবি করে, এসব কনটেন্ট মূলত ব্যঙ্গাত্মক এবং রাজনৈতিক বার্তা বহন করে।
এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকা আড়াল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, একটি জনপ্রিয় স্বাধীন অ্যানিমেশন চ্যানেলকে বন্ধ করে দিয়ে ভিন্নমত দমন করা হচ্ছে।
এর আগে গ্রুপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করে, যেখানে ‘Trump always chickens out (TACO)’—এ ধরনের মন্তব্যও করা হয়। এর অর্থ হলো- ‘ট্রাম্প সবসময় ভয় পেয়ে পিছু হটে’। এসব ভিডিওতে ট্রাম্পকে বিভিন্ন কার্টুনধর্মী রূপে উপস্থাপন করা হয়, যা ব্যাপক ভিউ অর্জন করেছিল।
আর/

