মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে কাবির মোল্লাকে কয়েকজন হামলা করে। হামলাকারীদের নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খান। স্থানীয়রা আহত কাবির মোল্লাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
কাবির মোল্লা বলেন, “তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। আমাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। আমি চাই, এ ঘটনার বিচার হোক।”
মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান বলেন, “পলাশ খান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
অভিযুক্ত পলাশ খানের মোবাইল ফোন বন্ধ পাওয়ার এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আর/

