অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
কক্সবাজারের উখিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে গাছ কেটে পাচারের সময় ২৬ জন রোহিঙ্গাকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দোছড়ি, থাইংখালী ও উখিয়া সদর বিট এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রোহিঙ্গাদের ব্যবহার করে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে পাচার করে আসছিলো। সাম্প্রতিক সময়ে বন উজাড়ের প্রবণতা বেড়ে যাওয়ায় নজরদারি জোরদার করা হয় এবং তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় ২৬ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম ও প্রস্তুত করা কাঠ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষায় বন বিভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বন ধ্বংসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, বনভূমি রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও কাঠ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।
আর/

