কোরআন অবমাননার অভিযোগে কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে উত্তেজনা, পরে জনতার হামলায় মৃত্যু

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫৫) স্থানীয়ভাবে কথিত পীর হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম রেজার একটি পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়লে সেখানে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে—এমন অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা তার আস্তানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, পুরোনো ভিডিওটি কীভাবে নতুন করে ছড়িয়ে দেওয়া হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি কারাগারে ছিলেন বলে জানা গেছে। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন—এমন অভিযোগ স্থানীয়দের।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ