মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন দফায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ২৫তম দফার এই হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকালে আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে হাইপারসনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি প্রায় ৬ হাজার ১৭৪ কিলোমিটার বা ৩ হাজার ৮৩৬ মাইল, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। তেহরানে ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন বলে জানানো হয়। জবাবে ইসরাইলে পাল্টা হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
সূত্র: আল জাজিরা

