হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আইআরজিসির অনুমতি বাধ্যতামূলক করল ইরান

বাণিজ্যিক জাহাজে ছাড়, সামরিক নৌযানে নিষেধাজ্ঞা; উত্তেজনার মধ্যে নতুন নিয়ন্ত্রণ কাঠামো

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে এই জলপথ অতিক্রম করতে হলে সব ধরনের জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি নিতে হবে।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আইআরজিসির অনুমোদন নিতে হবে। এই সিদ্ধান্তকে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের নিরাপত্তা নিয়ন্ত্রণ জোরদারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে পৃথকভাবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে একজন ইরানি কর্মকর্তা জানান, বাণিজ্যিক জাহাজ, এমনকি মার্কিন পতাকাবাহী পণ্যবাহী জাহাজও এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে। মূলত বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখার স্বার্থে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে সামরিক ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা সামরিক সরঞ্জামবাহী নৌযান হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক জাহাজে ছাড় দিলেও আইআরজিসির অনুমতি বাধ্যতামূলক করার মাধ্যমে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তার কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ