হরমুজ পার হতে গিয়েও ফেরত বাংলাদেশি জাহাজ, আবারও আটকালো ইরান

দেড় মাস পর যাত্রা শুরু করেও অনুমতি না পেয়ে ফিরে গেল জাহাজ; পারস্য উপসাগরে পুনরায় নোঙর

by ABDUR RAHMAN
হরমুজ থেকে ফেরত বাংলাদেশি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেড় মাস আটকে থাকার পর যাত্রা শুরু করেও আবারও থমকে গেল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নোঙর তুলে রওনা দিলেও কয়েক ঘণ্টার মধ্যে ইরানের নির্দেশে জাহাজটিকে পারস্য উপসাগরে ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

জাহাজটির মাস্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণার পর তারা হরমুজ পার হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তবে রাতেই ইরানের বাহিনী জাহাজটি পার হতে অনুমতি না দিয়ে আগের স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ফলে শনিবার সকালে আবারও পারস্য উপসাগরে নোঙর করে জাহাজটি। এতে ৩১ জন নাবিক রয়েছেন।

সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকিতে দীর্ঘদিন ধরে জাহাজটি আটকে ছিল। এর আগেও একাধিকবার হরমুজ পার হওয়ার চেষ্টা করে অনুমতি না পাওয়ায় ফিরে আসতে হয়েছে।

বর্তমানে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৮ হাজার টন সার বহন করছে, যার গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। হরমুজ প্রণালী অতিক্রম করতে সাধারণত ১৭ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে।

বিএসসি সূত্র জানায়, গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করা জাহাজটি যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার যাত্রা স্থগিত করেছে। সর্বশেষ হরমুজ আংশিক খুলে দেওয়ার ঘোষণায় তৃতীয়বারের মতো যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত আবারও ফেরত যেতে হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ