বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনে মুক্তির পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন কিংবা মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন— তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, এ ধরনের সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে থাকা অন্য কোনো পুরোনো বা নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা নিতে হবে।

তবে যেসব নেতাকর্মীর এ ধরনের সাংগঠনিক প্রভাব বা তৎপরতা চালানোর সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জাধীন আট জেলার পুলিশ সুপারদের প্রতি এ বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এর আওতায় রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা।
চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বেও অভ্যন্তরীণভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বিষয়টিকে সংবেদনশীল ও জরুরি উল্লেখ করে প্রতিটি জেলায় কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, চিঠিটি সঠিক হলেও এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি দাবি করেন, এটি মূলত গোয়েন্দা শাখাকে নির্দেশনা দেওয়ার জন্য একটি বার্তা। মাঠপর্যায়ে বাস্তবায়ন হবে কি না তা স্পষ্টভাবে বলা হয়নি। জননিরাপত্তা ও সম্ভাব্য সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আর/

