শেরে বাংলাকে পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছে: নাহিদ ইসলাম

ফজলুল হকের অবদান কখনো ভোলার নয়, মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য বিরোধীদলীয় চিফ হুইপের

by ABDUR RAHMAN
শেরে বাংলা এ কে ফজলুল হক ও নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা এবং কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান পরিকল্পিতভাবে আড়াল করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ফজলুল হক ছিলেন এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এক আপসহীন সংগ্রামী নেতা। ব্রিটিশ শাসনামলে তিনি কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জমিদারি প্রথার বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। তার উদ্যোগে জমিদারি শোষণ থেকে পূর্ব বাংলার সাধারণ মানুষ অনেকাংশে মুক্তি পায়।

তিনি আরও বলেন, শেরে বাংলার এই ভূমিকার কারণেই তিনি এ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেন। রাজনীতির শীর্ষ পর্যায়ে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি বাংলার মানুষকেই অগ্রাধিকার দিয়েছেন, যা তাকে ইতিহাসে অনন্য উচ্চতায় আসীন করেছে।

শিক্ষাক্ষেত্রে ফজলুল হকের অবদানের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজে শিক্ষার প্রসারে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন নানা বাধা-বিপত্তি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা আজও দেশের উচ্চশিক্ষার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।

তিনি বলেন, শেরে বাংলার রাজনৈতিক দূরদর্শিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে তিনি মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোর জন্য স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা তুলে ধরেন, যা পরবর্তীতে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলে।

নাহিদ ইসলাম আরও বলেন, এই সাহসী নেতার কাছ থেকেই আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার শিক্ষা পেয়েছি। তিনি জাতিকে সতর্ক করে বলেছিলেন— ‘যে জাতি তার সন্তানদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা কখনো সিংহের সঙ্গে লড়াই করতে শেখে না।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, ফজলুল হকের অবদানকে পরিকল্পিতভাবে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। তবে জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া এই মহান নেতাকে কখনো মুছে ফেলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার অন্যতম প্রভাবশালী নেতা, যিনি কৃষকবান্ধব রাজনীতি, শিক্ষাবিস্তার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শ ও সংগ্রাম আজও দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে প্রাসঙ্গিক।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ