গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

রংপুরের সমাপনী মহাসমাবেশে আট দফা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ১১ দলের

by Master Fatih
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–রংপুর লংমার্চের রংপুরের সমাপনী মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মামুনুল হক বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়লেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনের আগে রংপুরে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়ন না করে শুধু সংসদ সদস্যদের শপথের মাধ্যমে সরকার যাত্রা শুরু করেছে। এটিকে তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেন।

মাওলানা মামুনুল হক বলেন, সরকারের পক্ষ থেকেই সংসদে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের জন্যই তারা গণভোট ও জুলাই সনদ মেনে নিয়েছিল। এর মাধ্যমে তাদের অবস্থানের অসঙ্গতি স্পষ্ট হয়েছে।

জনগণের ভোটের রায় নিয়ে কোনো ধরনের ছলচাতুরি ১১ দল মেনে নেবে না বলেও জানান তিনি।

মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর হলে প্রধানমন্ত্রীর হাতে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ কমবে, প্রশাসনের দলীয়করণ বন্ধ হবে এবং দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হবে।

দেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, সার, দ্রব্যমূল্য, দুর্নীতি ও অন্যান্য সংকটের স্থায়ী সমাধানের জন্যও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আট দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস বলেন, আট দফা দাবি আদায়ে ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ করা হয়েছে।

সরকার দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আট দফার পরিবর্তে এক দফার দাবিতে ঢাকামুখী লংমার্চের কর্মসূচি দিতে ১১ দল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ৭০ ভাগ মানুষের গণভোটের রায় কার্যকর করেই তাদের আন্দোলন ক্ষান্ত হবে।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি জনগণের ভোটের রায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ