গণদাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরব না- আল্লামা মামুনুল হক

গাজীপুরের ভোগড়া মোড়ে ঢাকা–রংপুর লংমার্চের পথসভায় গণদাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

by Master Fatih
গাজীপুরের ভোগড়া মোড়ে লংমার্চের পথসভায় বক্তব্য দিচ্ছেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

গণভোটের রায় বাস্তবায়নসহ গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণদাবি আদায়ে রাজপথে নেমেছে এবং বিজয় অর্জন করেই ঘরে ফিরবে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে গাজীপুরের ভোগড়া মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। একই দিনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চটি যাত্রা শুরু করে।

আল্লামা মামুনুল হক বলেন, আন্দোলনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় কর্মসূচি হিসেবে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ থেকে শহীদ আবু সাঈদের স্মৃতিধন্য রংপুরের দিকে যাত্রা শুরু হয়েছে। উত্তর জনপদ থেকে যে জাগরণ শুরু হবে, তা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১১ দল গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে এবং এই রাজপথ থেকে বিজয় নিয়েই তারা ঘরে ফিরবেন।

গণভোটের রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের আর কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেন মামুনুল হক।

তিনি বলেন, আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলাদেশের মানুষের ভাগ্য তারাই নিজেদের হাতে তুলে নেবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিদেশি কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে বক্তব্য দেন।

১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চটি গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ আট দফা দাবিকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে।

শহীদ শরীফ ওসমান হাদি, দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যাদের গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে, তাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার জনগণ আদায় করে ছাড়বে বলে মন্তব্য করেন মামুনুল হক।

হত্যাকারীদের বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে যারা খেলতে চেষ্টা করছে, তাদের উদ্দেশে তিনি আন্দোলন-সংগ্রামের মাঠে থাকার বার্তা দেন।

গাজীপুরের ভোগড়া মোড়ের পথসভা ছাড়াও ঢাকা–রংপুর লংমার্চের পথে আরও কয়েকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লংমার্চটি রংপুরে গিয়ে সমাপনী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ