নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
দেশে প্রতিদিন চাঁদাবাজি, দখলবাজি ও হত্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির চিত্র তুলে ধরে জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। একই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করা হলে রংপুর থেকেই সরকার পতনের কঠোর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসে দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই। অতীতে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করে শেখ হাসিনা যেমন ক্ষমতায় টিকে থাকতে পারেননি, বর্তমান সরকারও জনগণের রায় উপেক্ষা করলে একই পরিণতি বরণ করতে হবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিস মহাসচিব বলেন, দেশের মানুষ আজ নিজের ঘরেও নিরাপদ নয়। প্রতিনিয়ত ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবি ঘটে চলেছে। সম্প্রতি কুমিল্লায় শিশু অপ্রিতমকে নির্মমভাবে হত্যা করার ঘটনা উল্লেখ করে এর জবাবদিহিতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেন তিনি।
বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ স্পষ্টভাবে উল্লেখ করেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের মৌলিক ও সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় রংপুর সমাবেশ থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন।
উত্তরবঙ্গের দীর্ঘদিনের দাবিকৃত তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ধরনের গড়িমসি বা টালবাহানা বরদাশত করা হবে না। সরকার যদি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে রংপুর থেকেই সরকার পতনের আন্দোলন সূচনা করা হবে।
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন, জননিরাপত্তা জোরদার এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নে সরকারকে ত্বরান্বিত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

