নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ও বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
আল্লামা মামুনুল হক বলেন, প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর বন থেকে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। একজন মায়ের বুক খালি হয়েছে এবং একটি পরিবারের স্বপ্ন নিমিষেই ভেঙে গেছে।
তিনি বলেন, প্রতিটি শিশু কেবল একটি পরিবারের সন্তান নয়; সে রাষ্ট্রের সম্পদ ও জাতির ভবিষ্যৎ। শিশুদের নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব।
আল্লামা মামুনুল হক বলেন, অপ্রতিমের মর্মান্তিক মৃত্যু শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বের প্রশ্নটি আবারও সামনে নিয়ে এসেছে। কোনো শিশু নিখোঁজ হলে তাকে নিরাপদে ফিরিয়ে আনা রাষ্ট্রের অবশ্যপালনীয় কর্তব্য।
নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্ব পালনে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতার কেন্দ্রীয় ভার স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন তুলে আল্লামা মামুনুল হক বলেন, আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রস্তুতি ও সক্ষমতা কোথায়।
শিশুটি নিখোঁজ হওয়ার পর দ্রুততম সময়ে তাকে উদ্ধারে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, কোথায় ঘাটতি ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করবে—এসব প্রশ্নের স্পষ্ট জবাব জনগণের সামনে আসা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে বিচার নিশ্চিত করার দাবি জানান আল্লামা মামুনুল হক।
এ ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সন্তানকে স্কুলে পাঠিয়ে কোনো মাকে আতঙ্কে থাকতে হবে না এবং প্রতিটি শিশু নিরাপদে স্কুলে যাবে, খেলবে, স্বপ্ন দেখবে ও দেশ গড়ার কাজে অবদান রাখবে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি দান করার জন্য দোয়া করেন আল্লামা মামুনুল হক।

