অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সম্প্রতি কোরআনের হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ইসরায়েলি ও প্রকাশ্যে সমকামী লেখক ইউভাল নোয়াহ হারারির লিখিত ‘Nexus’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। এ ঘটনার পেছনে কোনো অশুভ উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় বা প্রশাসনিক তদন্তের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক কোরআনের হাফেজদের সম্মান জানানোর উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এমন একটি মর্যাদাশীল ও রাষ্ট্রীয় আয়োজনে কোমলমতি হাফেজদের হাতে সমকামিতার সমর্থক হিসেবে পরিচিত লেখকের বই তুলে দেওয়াকে কোনোভাবেই সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একজন চিহ্নিত সমকামী লেখকের বই কার হাত ধরে এবং কোন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কাছে পৌঁছাল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করা জরুরি।
সংগঠনটির সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বিবৃতিতে উল্লেখ করেন, গত কিছুদিন ধরে বাংলাদেশে বিভিন্ন উপায়ে এলজিবিটি বা সমকামী মতাদর্শের প্রচার ও প্রসারের অপচেষ্টা চালানো হচ্ছে। সাধারণ স্কুল থেকে শুরু করে মাদরাসার শিশু-কিশোরদের হাতে কী ধরনের পাঠ্য উপাদান বা উপহার তুলে দেওয়া হচ্ছে, সে বিষয়ে নীতি-নির্ধারক ও প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।
তিনি আরও জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারের সর্বোচ্চ স্তরের একটি অনুষ্ঠানে এ ধরনের বিতর্কিত বই পৌঁছে যাওয়া একটি বড় প্রশ্ন তৈরি করেছে। প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার উদ্দেশ্যে কোনো চক্রান্ত বাস্তবায়িত হয়েছে কি না কিংবা এটি আয়োজকদের মারাত্মক প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলা কি না—তা উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের জাতির সামনে উন্মোচিত করতে হবে।
ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ আরও স্মরণ করিয়ে দেন, পবিত্র কোরআনে হজরত লূত (আ.)-এর সম্প্রদায়ের ঘটনা ও তাদের চরম অবক্ষয়ের পরিণতি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে তা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে। ফলে শতকরা নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত একটি দেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এমন বই তুলে দেওয়া, যা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমকামিতাকে প্রশ্রয় দেয়—তা চরম আশঙ্কাজনক।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই বই নির্বাচন, অনুমোদন ও বিতরণের সাথে যুক্ত পুরো প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
আর/

