মিয়ানমারে জান্তার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ: ২০২৭ সালের মধ্যে রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির

১৭ বছরে শক্তিশালী বিদ্রোহী শক্তিতে রূপ, ইতোমধ্যে রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ২০২৭ সালের মধ্যে রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১০ এপ্রিল) গোষ্ঠীটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ লক্ষ্য তুলে ধরেন প্রধান মেজর জেনারেল তোয়ান ম্রাত নাইং।

২০২৩ সালের শেষ দিকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এবং চিন রাজ্যের পালেতওয়া দখল করেছে আরাকান আর্মি। বর্তমানে কেবল রাজধানী সিত্তওয়ে, কিয়াকফিউ ও মানাউং শহর মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ভাষণে তোয়ান ম্রাত নাইং বলেন, পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে তারা লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এবং জান্তা সরকারের বিরুদ্ধে মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যৌথ লড়াই চালিয়ে যাবেন। উল্লেখ্য, আরাকান আর্মি ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর সদস্য, যারা ‘অপারেশন ১০২৭’-এর মাধ্যমে উত্তরাঞ্চলেও বড় ধরনের সাফল্য পেয়েছে।

সামরিক সাফল্যের পাশাপাশি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইতোমধ্যে নিজস্ব প্রশাসনিক কাঠামো, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলেছে গোষ্ঠীটি। তবে জান্তা বাহিনীর অব্যাহত বিমান ও নৌ হামলার কারণে বেসামরিক জনগণের বাস্তুচ্যুতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

২০০৯ সালের ১০ এপ্রিল মাত্র ২৬ জন সদস্য এবং একটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মি ১৭ বছরের ব্যবধানে মিয়ানমারের অন্যতম শক্তিশালী বিদ্রোহী বাহিনীতে পরিণত হয়েছে। তাদের এই অগ্রগতিকে দেশটির অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: মিয়ানমার নাউ

banner

এ জাতীয় আরো সংবাদ