‘বিএনপির পায়ের তলায় মাটি নেই, নিয়োগে দলীয়করণের পরিণতি হবে ভয়াবহ’: ডাকসু ভিপি সাদিক কায়েম

৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে বেরোলো ডাকসুর বিক্ষোভ, ১২ অক্টোবরের আগে গেজেটভুক্তির দাবি

by ABDUR RAHMAN
ডাকসু ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চাকরিপ্রার্থীদের নিয়োগে ‘ভেরিফিকেশন’-এর নামে রাজনৈতিক নিপীড়ন ও বৈষম্য চালানো হচ্ছে অভিযোগ তুলে বর্তমান বিএনপি সরকারকে কঠোর ভাষায় হুঁশিয়ার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসু ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন, একের পর এক বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে বিএনপি ইতোমধ্যেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের ‘পায়ের তলায় আর মাটি নেই’।

বিজ্ঞাপন
banner

৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেট থেকে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে ডাকসু। মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে কলাভবন ও মধুর ক্যানটিন ঘুরে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ভিপি সাদিক কায়েম বলেন, “আমরা চেয়েছিলাম আপনারা সুন্দরভাবে পাঁচ বছর দেশ পরিচালনা করুন। কিন্তু বিএনপি সরকারের অস্বাভাবিক আচরণ প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। বর্তমানে তারেক রহমানের হাতে দেশের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তাঁর মন্ত্রী-এমপিরা চরম ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা কোটা প্রথার মাধ্যমে মেধা ধ্বংস করেছিলেন, আর বর্তমান বিএনপি সরকার ‘ভেরিফিকেশন’ ও দলীয়করণের মাধ্যমে একই পথে হাঁটছে। সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে কেবল বিরোধী মত বা পারিবারিক পরিচয়ের অজুহাতে মেধাবীদের বাদ দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসিনার মতো আচরণ করলে তাঁর চেয়েও করুণ পরিণতি অপেক্ষা করছে। একই সাথে দেশে বিদ্যমান বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট এবং লোডশেডিংয়ের জন্য সরকারের অযোগ্যতাকে দায়ী করেন তিনি।

সমাবেশে ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন খান বলেন, বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক নিয়োগে ছাত্রদল ও বিএনপির সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয় বিবেচনা করার এমন নজির দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেধার ওপর দলবাজির পরিণতি কখনোই ভালো হতে পারে না।

সমাবেশে ভুক্তভোগী শিক্ষার্থীরা নিজেদের ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেন। ৪৯তম বিসিএসে সমাজকল্যাণ ক্যাডারে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ তাহমিদ জানান, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ও ভালো ফল সত্ত্বেও কেবল বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁদের বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৪৯তম বিসিএসে ৬৬৮ জন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হলেও চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয় এবং মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকারীসহ ৫৭ জনকে বাদ রাখা হয়। ডাকসু নেতারা বাদ পড়া এই ৫৭ জনকে আগামী ১২ অক্টোবর যোগদানের তারিখের আগেই গেজেটভুক্ত করার জোর দাবি জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ