রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন আজ সোমবার (২৩ নভেম্বর) শুরু হচ্ছে। এ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালাকে (সমাপনী শিক্ষার্থী) সম্মাননা পাগড়ি বা ‘দস্তারে ফজিলত’ পরানো হবে। সম্মেলন ঘিরে রাজধানীর ধূপখোলা মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
২৩, ২৪ ও ২৫ নভেম্বর—তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করেছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। প্রায় আট একর বিস্তৃত ধূপখোলা মাঠে ইতিমধ্যে সম্মেলনের মূল মঞ্চ, বিশাল প্যান্ডেল, অতিথিদের অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেট, স্বেচ্ছাসেবক ও জরুরি নিবন্ধন কাউন্টার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য স্থাপন করা হয়েছে মিডিয়া কাউন্টার।
সম্মেলনে অংশ নিতে বিদেশি অতিথিরা একে একে ঢাকায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম ও মাওলানা সাইয়িদ আজহার মাদানী। এ ছাড়া মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি এবং ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীসহ আরও কয়েকজন বিশিষ্ট আলেমের অংশ নেওয়ার কথা রয়েছে।
আজকের কর্মসূচি ও প্রথম দিনের পাগড়ি প্রদান
আজ সোমবার বিকেল চারটায় শাইখুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল। প্রথম দিনের আলোচনায় বক্তব্য দেবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। এ ছাড়া আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাদিসের সবক দেবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী।
সম্মেলনের প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ফুজালা ইতিমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। পরবর্তী দুই দিনে পর্যায়ক্রমে বাকি ফুজালাদেরও সম্মাননা পাগড়ি পরানো হবে।
দেশ-বিদেশের অতিথিদের অংশগ্রহণ
তিন দিনের এ মহাসম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী ও মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা সম্মেলনে অংশ নেবেন।

