আজ বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি

by Hasan Al-Mahmud

পাকিস্তান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা কারি মুহাম্মদ হানিফ জালান্ধরি আজ সোমবার (২৩ নভেম্বর) বাদ জোহর ঢাকার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন। দেশের আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই বয়ান উন্মুক্ত থাকবে।

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

কে এই মাওলানা হানিফ জালান্ধরি

মাওলানা হানিফ জালান্ধরি পাকিস্তানের একজন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও মাদ্রাসা সংগঠক। দেশটির কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ও সংগঠক হিসেবে তিনি পরিচিত। টানা ২৮ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানের মুলতানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া খায়রুল মাদারিসের মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা খায়র মুহাম্মদ জালান্ধরি (রহ.)-এর নাতি এবং মাওলানা মুহাম্মদ শরিফ জালান্ধরি (রহ.)-এর ছেলে তিনি।

১৯৮১ সালে মাত্র ২০ বছর বয়সে বাবার মৃত্যুর পর জামিয়া খায়রুল মাদারিসের তৃতীয় মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হানিফ জালান্ধরি। পরবর্তী সময়ে মুহতামিমের পাশাপাশি প্রতিষ্ঠানটির শাইখুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অল্প বয়সে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক যাত্রা শুরু হয়।

বেফাকের নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর

১৯৯৮ সালের ২ মার্চ মাত্র ৩৭ বছর বয়সে তিনি পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে টানা ২৮ বছর ধরে এই পদে আসীন রয়েছেন। তাঁর দীর্ঘ নেতৃত্বে বোর্ডটির সাংগঠনিক বিস্তার, শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও আন্তর্জাতিক পরিচিতি বেড়েছে। এ কারণে তাঁকে পাকিস্তান বেফাকের দীর্ঘদিনের কাণ্ডারি হিসেবে অভিহিত করা হয়।

১৯৫৯ সালের ১৮ অক্টোবর প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। মুলতানে বোর্ডটির প্রধান কার্যালয় অবস্থিত। দেশটির কওমি মাদ্রাসাগুলোর নিবন্ধন, পাঠ্যক্রম প্রণয়ন, কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বোর্ডটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানী। চলতি বছরের ২ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সভাপতি এবং মাওলানা হানিফ জালান্ধরি টানা সপ্তমবারের মতো মহাসচিব নির্বাচিত হন। আগামী পাঁচ বছরের জন্য তাঁরা এই দায়িত্ব পেয়েছেন। ওই নির্বাচনে তাঁদের নাম প্রস্তাব করেছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

banner

এ জাতীয় আরো সংবাদ