দক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার জাতিগত কোরিয় নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাঁদের মধ্যে তরুণদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। রাজধানী সিউলের একটি মসজিদে প্রতি মাসে পাঁচ থেকে ২৫ জন করে মানুষ ইসলাম সম্পর্কে জানতে ও এই ধর্ম গ্রহণ করতে আসছেন।
দক্ষিণ কোরিয়ার ইংরেজি দৈনিক দ্য কোরিয়া টাইমস-এর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে নতুন আগ্রহীরা ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতে আসেন। তাঁদের একটি বড় অংশ পুরুষ। মৌলিক প্রশিক্ষণ শেষে আগ্রহীরা চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন।
২০১৪ সালে ইসলাম গ্রহণ করা ৩০ বছর বয়সী কোরিয় নাগরিক ইউসুফ মনে করেন, দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের প্রচলিত সংস্কৃতিতে হতাশ হয়ে অনেক পুরুষ ইসলামের দিকে ঝুঁকছেন। তাঁর মতে, বিয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ একটি পথ খুঁজে পেতে চান তাঁদের অনেকে।
তবে নারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলে প্রতিবেদনে উঠে এসেছে। সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী জানিয়েছেন, বিয়ে নয়; বরং এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের সরলতাই তাঁদের আকৃষ্ট করেছে। আরিয়াম নামের এক নারী বলেন, ইসলামে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধার যে শিক্ষা রয়েছে, তা তাঁর নিজস্ব কোরিয় সংস্কৃতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এ কারণে পরিবারের কাছে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা তাঁর জন্য সহজ হয়েছে।
সিউল সেন্ট্রাল মসজিদে ইসলাম সম্পর্কে জানতে আসা কোরিয়দের একটি বড় অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোরিয়ার প্রচলিত সামাজিক প্রত্যাশা ও জীবনযাপনের ধরনে অসন্তুষ্ট কিছু তরুণ বিকল্প পথ খুঁজছেন; আর ইসলাম সেই বিকল্পগুলোর একটি হয়ে উঠেছে।
ইতিহাস ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব
দক্ষিণ কোরিয়ায় ইসলামের উপস্থিতির ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন সিলা রাজবংশের সময় থেকেই সেখানে মুসলিম বণিকদের আগমন ঘটেছিল। পরবর্তী বিভিন্ন রাজবংশের আমলেও মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব ছিল, যদিও বিভিন্ন সময়ে রাজনৈতিক বাস্তবতায় তাঁদের ধর্মচর্চা ও বসবাস বাধাগ্রস্ত হয়েছে।
আধুনিক সময়ে স্থানীয়দের ইসলাম গ্রহণের পেছনে কোরিয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের ভূমিকার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। তাঁদের সংস্পর্শ ও সহযোগিতায় প্রথম ২৫০ জন স্থানীয় কোরিয় নাগরিক ইসলাম গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরিয় মুসলিমদের সক্রিয়তা বেড়েছে। অনেক কোরিয় মুসলিম ইনফ্লুয়েন্সার নিজেদের দৈনন্দিন জীবন, ধর্মীয় অভিজ্ঞতা ও সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। কেউ কেউ ঐতিহ্যবাহী কোরিয় পোশাক হানবকের সঙ্গে হিজাবের সমন্বয় ঘটিয়ে নতুন ফ্যাশনধারাও তুলে ধরছেন, যা তরুণদের কাছে ইসলাম বিষয়ে জানার নতুন দুয়ার খুলছে।
যদিও ধর্মান্তরের পর কেউ কেউ সামাজিকভাবে বৈষম্য বা বিচ্ছিন্নতার সম্মুখীন হন, তবু নতুন মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাঁরা আপনজন খুঁজে পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরিয়ামের ভাষায়, সারা জীবন কোরিয়ায় কাটানোর পরও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তাঁর মনে হয়েছিল, অবশেষে তিনি নিজের ঘরে ফিরেছেন।

